অনেকের চোখেই সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টেস্ট টুপি আজ নিলামে আড়াই লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা) বিক্রি হয়েছে।
সংগ্রাহকদের চোখে, এটি ক্রিকেটের বিরল একখণ্ড ইতিহাস। সূর্যের তাপে রং চটে যাওয়া জীর্ণ এ টুপি প্রায় ৮০ বছরের পুরোনো। ‘পোকায় কাটা’র চিহ্নও আছে টুপিতে। অগ্রভাগে একটু ছিঁড়েও গেছে।
নিলাম প্রতিষ্ঠান বোনহ্যামস জানিয়েছে, ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরে এই টুপি পরেছিলেন ব্র্যাডম্যান। সেটি ছিল ঘরের মাঠে ব্র্যাডম্যানের শেষ টেস্ট সিরিজ।
ব্র্যাডম্যানের এই টুপি নিলামে ওঠার পর সেটির স্থায়িত্ব ছিল মাত্র ১০ মিনিট। ১ লাখ ৬০ হাজার ডলার দাম থেকে শুরু হয়েছিল নিলামের ডাক। শেষ পর্যন্ত ২ লাখ ৫০ হাজার ডলারে টুপিটি বিক্রি হয়ে যায়। ক্রেতার ‘প্রিমিয়াম ফি’সহ টুপিটির মোট দাম ৩ লাখ ১০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা)। ক্রেতার ‘প্রিমিয়াম প্রাইস’ হলো নিলামে স্মারকটি যে দামে বিক্রি হয়েছে, তার সঙ্গে ‘কন্ট্যাক্ট প্রাইস’-এর মিলিত অঙ্ক। কন্ট্যাক্ট প্রাইস হলো স্মারকটি যিনি সরবরাহ করছেন, চুক্তিপত্রের অধীন তাঁকে যে দাম দেওয়া হয়।

