গত মৌসুমে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের কাছ থেকে চুক্তির পুরো টাকা না পাওয়ার অভিযোগ করেছেন ইমরান তাহির। আর গুরুতর এই অভিযোগটি করেছেন রংপুর রাইডার্সের বিপক্ষে টসের সময় টিভি ক্যামেরার সামনে।
আজ বাংলাদেশ সময় ভোরে গ্লোবাল সুপার লিগে রংপুরের মুখোমুখি হয় গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ক্যারিবিয়ান দলটির নেতৃত্বে থাকা তাহির বলেন, রংপুরের কাছ থেকে টাকা না পাওয়ার বিষয়টি এই ম্যাচে তাঁর ভালো করার অনুপ্রেরণা।
টসের সময় রংপুরের বিরুদ্ধে অভিযোগের তির দাগিয়ে তাহির বলেছেন, ‘আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই। সে কারণেই আমরা এখানে এসেছি। বিশেষ করে আজকের ম্যাচটা। অবশ্যই আমরা গায়ানার জন্য জিততে চাই। কিন্তু এখানে ব্যক্তিগত দিকও আছে। আমি গত বছর বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছি এবং আমি আমার চুক্তির সব টাকা পাইনি। সেই ঘটনা আজকের ম্যাচে আমাকে উজ্জীবিত করছে। আমি তাদের বিপক্ষে সত্যিই ভালো কিছু করতে চাই।’


খানেই থামেননি ৪৫ বছর বয়সী এই লেগ স্পিনার। রংপুরকে আরও কী শিক্ষা দিতে চান জানিয়ে তাহির আরও বলেছেন, ‘আমরা দেখাতে চাই গায়ানা তাদের স্বাগত জানিয়েছে। তারা (গায়ানা) তাদের স্থানীয় খেলোয়াড় এখানে নিয়ে এসেছে, কিছু অর্থ উপার্জন করবে এবং কিছু ভালো ক্রিকেট খেলবে। আমরা এটা দেখাব যে আমরা তাদের চেয়ে ভালো মানুষ।’

