ঘুমের সঙ্গে কি খাবারের সম্পর্ক আছে? বিকেলে নাশতায় কী খেলেন বা রাতের খাবারের মেনুর সঙ্গে রাতে ঘুম কমবেশি হওয়ার কী সম্পর্ক? বিশেষজ্ঞরা বলছেন, আপনার ঘুম কেমন হবে, তা অনেক ক্ষেত্রেই নির্ভর করে খাবারের ওপর। চটজলদি জেনে নেওয়া যাক রাতে ভালো ঘুমের উপায়।
১. ভিটামিন ডি-জাতীয় খাবার খান
ভিটামিন ডি ঘুমের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ভিটামিন ডির ঘাটতি থাকলে সহজে ঘুম আসে না। ভিটামিন ডির ভালো উৎস ডিম।
২. ফল ও বাদাম খান
আখরোট, কাঠবাদাম থেকে শুরু করে ফলমূল, শাকসবজি—সবই ঘুমের জন্য বেশ উপকারী। আখরোট ও কাঠবাদামে রয়েছে ট্রিপটোফ্যান, যা স্নায়ু ও মাংসপেশিকে শিথিল করে। অন্যদিকে ফলমূল, সবজি ইত্যাদি ভিটামিনের জোগান দেয়, যা ঘুমে সাহায্য করে।
৩. ক্যাফেইন এড়িয়ে চলুন
ক্যাফেইন আপনার ঘুমে বাগড়া দিতে পারে। দু-একজনের বেলায় ব্যতিক্রম হলেও বেশির ভাগ মানুষই চা বা কফি খাওয়ার পর ঘুমাতে পারেন না। তাই সূর্য ডুবে যাওয়ার পর থেকে চা, কফি বা কোমল পানীয় থেকে দূরে থাকুন।
৪. ট্রিপটোফ্যান-সমৃদ্ধ খাবার খান
ট্রিপটোফ্যান এমন এক অ্যামিনো অ্যাসিড, যা সেরোটোনিন তৈরি করতে সাহায্য করে। আর সেরোটোনিন একটি নিউরোট্রান্সমিটার, যা ঘুম নিয়ন্ত্রণ করে। দুধ, ডিম ও বাদামের মতো খাবারে প্রচুর ট্রিপটোফ্যান থাকে, যা আপনাকে ভালো ঘুমাতে সাহায্য করবে।

